চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের | চ্যানেল আই অনলাইন

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান সমঝোতার পথে না এলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুগুলোতে যুক্তরাষ্ট্রের হামলা আরও জোরদার করা হবে।

বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার ১৪ জুলাই ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে ইরানের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হবে। প্রথমে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্যবস্তু হবে, এরপর গুরুত্বপূর্ণ সেতুগুলোতেও হামলা চালানো হবে।

ট্রাম্পের ভাষায়, তারা আলোচনার টেবিলে এসে সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত আমরা তাদের সব বিদ্যুৎকেন্দ্র এবং সব সেতু ধ্বংস করে দেব। হামলা ততক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না ইরান সংঘাত বন্ধের সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, টানা চতুর্থ দিনের মতো ইরানে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটির বন্দরগুলোতে পুনরায় নৌ অবরোধ আরোপ করা হয়েছে। এদিকে গত ১৭ জুন কার্যকর হওয়া দুই পক্ষের নাজুক যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে। বর্তমানে উভয় পক্ষের সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ।

Scroll to Top