এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ফেনেরবাচ কোচ হোসে মরিনহোকে চার ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি জরিমানা করেছে তুরস্কের ফুটবল ফেডারেশন। ইস্তাম্বুল প্রতিদ্বন্দ্বী গ্যালাতাসারাইয়ের মাঠে ম্যাচ শেষে তুর্কি রেফারিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার শাস্তি পেলেন পর্তুগিজ কোচ। মরিনিয়োকে জরিমানা গুণতে হবে ১৬ লাখ ১৭ হাজার লিরা, যা প্রায় ৪৪ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫৩ লাখ টাকারও বেশি।
সংবাদ বিজ্ঞপ্তিতে ফেডারেশন উল্লেখ করেছে, তুর্কি রেফারির প্রতি ‘অপমানজনক ও আক্রমণাত্মক’ মন্তব্যের জন্য এই শাস্তি দেয়া হয়েছে। মরিনহোর মন্তব্য খেলাধুলার নৈতিকতা ভঙ্গ করেছে, সহিংসতা ও বিশৃঙ্খলা উসকে দিয়েছে এবং সমর্থকদের উত্তেজিত করে তুলতে পারে বলে মনে করে ফেডারেশন।
গত সোমবার টার্কিশ ফুটবল লিগের ক্লাব গ্যালাতাসারাইয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ফেনেরবাচ। হাইভোল্টেজ ম্যাচের লড়াই শেষে ওঠে বিতর্ক। প্রতিপক্ষের উপর চড়াও হন ফেনেরবাচের মরিনহো। ঘটনার জেরে মামলার হুমকি অবশ্য আগেই দিয়ে রেখেছিল গ্যালাতাসারাই। পাশাপাশি বর্ণবাদী মন্তব্যে ফিফা ও উয়েফাতে অভিযোগ দেয়ার কথাও বলেছিল ক্লাবটি।
মূলত নিজ দলের ডিফেন্ডার আকচিচেক সম্পর্কে বলতে গিয়ে স্লোভেনিয়ান রেফারির প্রসঙ্গ টেনে মরিনহো বলেছিলেন, ‘অবশ্যই রেফারিকে ধন্যবাদ দিতে চাই। প্রথম মিনিটে প্রতিপক্ষের একজন ডাইভ দেয়ার পর তাদের বেঞ্চের সদস্যরা বানরের মতো লাফালাফি করেছে। টার্কিশ রেফারি হলে প্রথম মিনিটেই আমাদের হলুদ কার্ড দেখানো হতো এবং আমাকে পাঁচ মিনিট পরই তাকে বদলি করে ফেলতে হতো।’
‘‘আমি ম্যাচ শেষে ড্রেসিংরুমে রেফারির সঙ্গে দেখা করেছি। সেখানে চতুর্থ রেফারিও ছিল, যে একজন টার্কিশ। তাকে (বেনচিচ) বড় এই ম্যাচে দায়িত্ব পালন করতে আসার জন্য ধন্যবাদ জানিয়েছি। এরপর চতুর্থ রেফারিকে বলেছি, ‘যদি তুমি এই ম্যাচে রেফারি থাকতে, তবে বিপর্যয় হয়ে যেত।’’
ফেনেরবাচের মাঠে গ্যালাতাসারাইয়ের বেঞ্চে থাকা সদস্যরা ‘বানরের মতো লাফালাফি করেছে’। ক্লাব ফেনেরবাচের কোচের এমন মন্তব্যকে ‘বর্ণবাদী’ আচরণ বলতে শুরু হয় এবং মরিনহোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও হুমকি দিয়েছিল ক্লাবটি।
ফেনেরবাচ অবশ্য কোচের পাশেই দাঁড়ায়। তারা বিবৃতিতে বলেছিল, মরিনহোর মন্তব্যকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে এবং বিকৃত করা হয়েছে। তারাও পাল্টা ঘোষণায় জানায়, ভিত্তিহীন অভিযোগেরর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
তুরস্কের রেফারিদের নিয়ে আপত্তিজনক মন্তব্যের দায়ে আগেও এক দফায় জরিমানা করার পাশাপাশি নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল মরিনহোকে।


