বোস্টন স্টেডিয়ামের ম্যাচটিতে জার্মানি শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও প্রথম গোলের দেখা পায় প্যারাগুয়ে। ৪২তম মিনিটে হুলিও এনসিসোর করা সেই গোল দ্বিতীয়ার্ধের শুরুতেই শোধ দেয় জার্মানি। ৫৪তম মিনিটে হেডে গোল করে ১–১ সমতা আনেন কাই হাভার্টজ।
এরপর জার্মানি আক্রমণের ধার বাড়ালেও প্যারাগুয়ে চলে যায় ‘আগে গোল ঠেকাও’ নীতিতে। হাভার্টজ, ফ্লোরিয়ান ভির্টৎজ, লিরয় সানেদের একের পর এক আক্রমণ প্রতিহত হয় প্যারাগুয়ের দেয়ালে।
তবে অতিরিক্ত সময়ের খেলায় সেই দেয়াল ভেদই করে ফেলে জার্মানি। হেডে বল জালে পাঠান জনাথন টাহ। কিন্তু ওই হেডের আগমুহূর্তে ভালডেমার আন্টন প্যারাগুয়ে গোলকিপারকে ফেলে দেওয়ায় ফাউলের দায়ে সেটি বাতিল হয়ে যায়। এরপর ১২০ মিনিটের খেলা শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।



