চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে শিক্ষাবোর্ড – DesheBideshe

চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে শিক্ষাবোর্ড – DesheBideshe


চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে শিক্ষাবোর্ড – DesheBideshe

সিলেট, ২ আগস্ট – সিলেটে চায়ের দোকানে বসে ধূমপান ও আড্ডার ফাঁকে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করার অভিযোগে ইকবাল হোসেন সোহান নামে এক শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষকের কাছ থেকে প্রায় এক বস্তা উত্তরপত্র জব্দ করেছে সিলেট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন একটি চায়ের দোকান থেকে এসব খাতা উদ্ধার করা হয়।

অভিযুক্ত ইকবাল হোসেন সোহান সিলেট মেট্রোসিটি উইমেন্স কলেজের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত শিক্ষক তার বন্ধুদের নিয়ে চায়ের দোকানে বসে খাতা মূল্যায়ন করছিলেন। এ সময় তিনি এবং তার সঙ্গীরা মিলে উত্তরপত্রগুলো দেখছিলেন। এর আগে আগের রাতেও তাকে একই স্থানে বসে খাতা মূল্যায়ন করতে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

খবর পেয়ে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছে খাতাগুলো জব্দ করেন। এ ঘটনায় জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, খাতাগুলো বাসায় বসে দেখার নিয়ম থাকলেও তিনি জনসমক্ষে নিয়মবহির্ভূতভাবে এটি করছিলেন। অভিযুক্ত শিক্ষককে এরই মধ্যে শোকজ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এনএন/ ২ আগস্ট ২০২৬



Scroll to Top