বাংলাদেশের করপোরেট সংস্কৃতিতে এখনো পদোন্নতিকে বড় সাফল্য মনে করা হয়। তবে এ দেশের নতুন প্রজন্মের কর্মীদের মধ্যেও ধীরে ধীরে এই মানসিকতা কমে যাচ্ছে। বিশেষ করে যাঁরা আইটি, ফ্রিল্যান্সিং বা সৃজনশীল পেশায় আছেন, তাঁরা উচ্চপদের চেয়ে কাজের স্বাধীনতাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। অনেকে বড় কোম্পানির বড় পদের চাপ নিতে না পেরে ছোট কিন্তু স্বাধীন পরিবেশে কাজের প্রতি আগ্রহী হচ্ছেন। এখন অনেকে বুঝতে পারছেন, দিন শেষে সুখী হতে হলে কাজের বাইরেও নিজের একটি জগত থাকা জরুরি। তবে উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের এখানে পদোন্নতি এড়িয়ে যাওয়া মাঝেমধ্যে আর্থিক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।
আর্থিক পরিকল্পনাবিদদের মতে, পদোন্নতি না নেওয়া বা বড় পদবি এড়িয়ে চলা খারাপ কিছু নয়। তবে এই পথে হাঁটলে শুরু থেকেই সঠিক আর্থিক পরিকল্পনা থাকা জরুরি। কারণ, পদোন্নতি না নিলে দীর্ঘ মেয়াদে বেতন খুব বেশি বাড়ে না। তাই ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে অল্প বয়স থেকেই সঠিক জায়গায় বিনিয়োগ করা প্রয়োজন, যাতে একসময় কাজ না করলেও জমানো টাকা আপনার হয়ে কাজ করে।



