
চাঁপাইনবাবগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি – চাঁপাইনবাবগঞ্জে এক কেজি তিন শ ৭০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার দায়ে আরিফ হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. হায়দার আলী খোন্দকার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় রুবেল হক নামের অপর আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আরিফ হোসেন জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর দোভাগি গ্রামের মানারুল ইসলামের ছেলে। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায় যে ২০২৩ সালের ১১ মার্চ র্যাব ৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইন উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়।
ওই দিনই শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন র্যাবের তৎকালীন এসআই লুৎফর রহমান। পরবর্তীতে ২০২৩ সালের ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই এসলাম আলী দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত সোমবার আরিফ হোসেনকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী আব্দুল ওদুদ এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী আখতারুজ্জামান জুয়েল।
এ এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬





