
কক্সবাজার, ৮ মার্চ – কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক মুদি দোকানিকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।শনিবার বেলা ৩টার দিকে শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম গণেশ পাল, যিনি শহরের বড়বাজার এলাকায় মুদি দোকানের ব্যবসা করতেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নবনির্মিত বাড়িতে একটি সেপটিক ট্যাংক বসানোর কাজ চলাকালীন স্থানীয় এক প্রতিবেশী তাদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে পূর্বেও একাধিকবার বাকবিতণ্ডা হয়েছিল। গণেশের স্ত্রী শেফালী পাল ও ভাই আশীষ পালের অভিযোগ, শনিবার দুপুরে ওই প্রতিবেশী অতর্কিতভাবে গণেশকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে জিশান নামের এক যুবকের সম্পৃক্ততা পাওয়া গেছে, যে স্থানীয়ভাবে ছিঁচকে অপরাধী হিসেবে পরিচিত। গণেশ চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে জিশান ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সময় সেখানে আরও এক যুবক উপস্থিত ছিল। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এনএন/ ৮ মার্চ ২০২৬





