চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে আবার শুরু হচ্ছে ফুটবল-উৎসব। সারা দেশের ৪২টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে আজ সোমবার সকালে এখানে পর্দা উঠছে ‘ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’-এর ২০২৪ আসরের। সারা দেশের ৪২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ থেকে নামবেন ফুটবল-শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।
প্রথম আলোর আয়োজনে ও ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো জাতীয় পর্যায়ের এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হতে যাচ্ছে চট্টগ্রামে। এ জন্য এম এ আজিজ স্টেডিয়ামকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। ঘাস কেটে প্রস্তুত করা হয়েছে মাঠও। ঢাকার ২৪টি, চট্টগ্রামের ১০টি, খুলনা ও রাজশাহীর ৪টি করে বিশ্ববিদ্যালয় এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। চট্টগ্রাম থেকে শুরু হওয়া টুর্নামেন্টের পর্দা নামবে ঢাকায়, আগামী ৯ ডিসেম্বর।