চট্টগ্রামের পাঁচ জায়গায় আজ জামায়াত আমিরের সমাবেশ – DesheBideshe

চট্টগ্রামের পাঁচ জায়গায় আজ জামায়াত আমিরের সমাবেশ – DesheBideshe

চট্টগ্রামের পাঁচ জায়গায় আজ জামায়াত আমিরের সমাবেশ – DesheBideshe

চট্টগ্রাম, ০২ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ও কক্সবাজারের পাঁচ স্থানে সমাবেশে অংশ নেবেন। এসব সমাবেশ ঘিরে ব্যাপক জনসমাগমের লক্ষ্য নিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছে জামায়াতে ইসলামী ও তাদের শরিক ১১ দলীয় জোট।

দলীয় সূত্র জানায়, আজ সকাল ৯টায় মহেশখালী, সকাল ১০টায় কক্সবাজার সদর, সকাল ১১টায় লোহাগাড়ার পদুয়া, দুপুর ২টায় সীতাকুণ্ড এবং বিকেল ৫টায় চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রতিটি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির।

সমাবেশগুলোকে কেন্দ্র করে প্রশাসনকে অবহিতকরণ, মঞ্চ প্রস্তুতসহ সার্বিক প্রস্তুতি শেষ করা হয়েছে। একই সঙ্গে মহানগর ও জেলা পর্যায়ে জামায়াত ও তাদের অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে পথসভা, গণমিছিল, মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

সমাবেশ সফল করতে গত শনিবার চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে ১১ দলীয় জোটের সঙ্গে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন, সংস্কার এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। সমাবেশে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার রূপরেখা তুলে ধরা হবে।

চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন, জামায়াত আমিরকে চট্টগ্রামে স্বাগত জানাতে আমরা প্রস্তুত। সমাবেশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলাসহ গুরুত্বপূর্ণ ঘোষণার প্রত্যাশা রয়েছে।

এনএন/ ০২ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top