কক্সবাজারের চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। পাঁচ দিনের অবিরাম বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে তলিয়ে গেছে মাইলের পর মাইল লোকালয়। চারদিকে থৈ থৈ করছে বন্যার পানি।
এই ভয়াবহ দুর্যোগের মধ্যেই চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৫ টার দিকে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড মাইজ কাকারা এলাকার সোলতান আহমদের ছেলে ওয়াকিম (২) বন্যার পানিতে ডুবে নিহত হয়।
এদিকে সকাল সাড়ে ১১ টার দিকে বন্যার পানিতে ভেসে গিয়ে মৃত্যু হয় মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড চরপাড়া এলাকার আরিফুল ইসলামের ছেলে পুষ্প (৩)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বন্যার পানি হু হু করে লোকালয়ে ঢুকে পড়ায় গ্রামের রাস্তাঘাট, উঠান এবং ঘরবাড়ি প্লাবিত হয়। পরিবারের সদস্যদের অজান্তে ঘরের পাশে জমে থাকা বন্যার গভীর পানিতে পড়ে যায় শিশু ওয়াসিফ ও পুষ্প।
পরবর্তীতে দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বন্যার পানি থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত দুই শিশুর পরিবারে এখন চলছে মাতম। সন্তানদের হারিয়ে বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চকরিয়া ও মাতামুহুরীর আকাশ-বাতাস। প্রতিবেশীদের মধ্যেও নেমে এসেছে গভীর শোকের স্তব্ধতা।
চকরিয়া ও মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, বন্যার পানিতে নিহত দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে এবং তাদের পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।



