গ্রাহকদের অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সুভাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্র জানায়, সুভাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আবিদুর রহমানসহ প্রতিষ্ঠানটির পরিচালকদের বিরুদ্ধে শত শত গ্রাহকের অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ কমিশনে জমা পড়ে। অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
সূত্র অনুযায়ী, গত ১৪ সেপ্টেম্বর অভিযোগটি অনুসন্ধানের জন্য একজন অনুসন্ধানকারী কর্মকর্তা এবং একজন তদারককারী কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নেয় কমিশন।
দুদকের নথিতে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪; দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭; মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুযায়ী অভিযোগটি অনুসন্ধান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।
অনুসন্ধান চলাকালে অভিযোগ-সংশ্লিষ্ট কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হলে কিংবা কোনো সম্পদ বা সম্পত্তি ক্রোক করা হলে তা অবিলম্বে লিখিতভাবে সংশ্লিষ্ট শাখাকে জানাতে হবে বলেও নথিতে উল্লেখ করা হয়েছে।
দুদক সূত্র জানায়, অনুসন্ধানে গ্রাহকদের কাছ থেকে কীভাবে অর্থ সংগ্রহ করা হয়েছে, সেই অর্থ কোথায় ব্যবহার হয়েছে এবং অর্থ আত্মসাতের কোনো ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হবে।
একই সঙ্গে বিদেশে অর্থ স্থানান্তরের অভিযোগ এবং চেয়ারম্যান আবিদুর রহমানসহ পরিচালকদের সম্পদ অর্জনের বিষয়ও অনুসন্ধানের আওতায় থাকবে।
অভিযোগগুলো এখনো অনুসন্ধানাধীন। অনুসন্ধান শেষে নথি, আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতেই অভিযোগের সত্যতা সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছাবে দুদক।




