প্রতারক চক্রের প্রতারণার হাত থেকে বাঁচতে বকেয়া গ্যাস বিল পরিশোধ নিয়ে গ্রাহকদের সতর্কবার্তা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। বৃহস্পতিবার (২ জুলাই) এক বার্তায় গ্রাহকদের এ বিষয়ে সতর্ক করে তিতাস।

বার্তায় বলা হয়, সম্প্রতি কিছু প্রতারক চক্র নিজেদের তিতাস গ্যাসের কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের ব্যক্তিগত বিকাশ নম্বরে বকেয়া গ্যাস বিল পরিশোধ করার জন্য চাপ ও হুমকি দিচ্ছে।
এ অবস্থায় শুধু কোম্পানির নির্ধারিত ব্যাংকগুলোয় এবং অনলাইনে ‘মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস’ অ্যাপের মাধ্যমে (বিকাশ, রকেট, উপায় ও ট্যাপ) গ্যাস বিল পরিশোধের অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া গ্রাহকদের প্রতারক চক্র থেকে সচেতন থাকার পাশাপাশি প্রয়োজনে সংশ্লিষ্ট অফিসে অথবা ওয়েবসাইটে (titasgas.gov.bd) দেওয়া নম্বরে যোগাযোগ করে পরামর্শ ও সেবা গ্রহণের অনুরোধ জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


