গুগল ম্যাপসে বদলে গেল লেক অন্টারিওর নাম | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশনার পর গুগল ম্যাপসে লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ দেখানো শুরু হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের বাইরে, বিশেষ করে কানাডায়, জলপথটি এখনো ‘লেক অন্টারিও’ নামেই প্রদর্শিত হচ্ছে।

সোমবার (৩১ অগাস্ট) অনলাইন সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশের পর গুগল তাদের ম্যাপস সেবায় এ পরিবর্তন আনে। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা গুগল ম্যাপসে লেক অন্টারিওর পরিবর্তে ‘লেক আমেরিকা’ নাম দেখতে পাচ্ছেন।

তবে কানাডার ব্যবহারকারীদের জন্য নামটি পরিবর্তন করা হয়নি। সেখানে জলপথটি ঐতিহাসিক ‘লেক অন্টারিও’ নামেই রয়েছে।

নাম পরিবর্তনের এ উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড। তারা জলপথটির ঐতিহাসিক নাম ‘লেক অন্টারিও’ বহাল রাখার অবস্থান জানিয়েছেন।

দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক ও বাণিজ্যিক উত্তেজনার মধ্যেই এ নাম পরিবর্তনের ঘটনা ঘটল।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর কানাডীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এর পাল্টা পদক্ষেপ হিসেবে আগামী ৮ সেপ্টেম্বর থেকে প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা।

এই বাণিজ্য বিরোধের মধ্যেই গুরুত্বপূর্ণ জলপথটির নাম পরিবর্তন নতুন করে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক বিতর্ক তৈরি করেছে।

Scroll to Top