গান শুধু বিনোদন নয়, হৃদয়ের আলো জ্বালাতেই লিখি: সাইফুল বারী

গান শুধু বিনোদন নয়, হৃদয়ের আলো জ্বালাতেই লিখি: সাইফুল বারী

গান লেখা তার নেশা। একের পর এক নতুন গানে ব্যস্ত সময় কাটাচ্ছেন গীতিকবি সাইফুল বারী। সম্প্রতি তার লেখা দুটি গান রেকর্ড হয়েছে। ‘পিরিতের অসুখ’ গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ। সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার প্লাবন কোরেশী এবং সংগীত আয়োজন করেছেন আহমেদ সজীব। এছাড়া ‘কেমনে মানুষ হবি’ শিরোনামের গানটি গেয়েছেন লোকগানের শিল্পী রাজীব শাহ্। এর সুর করেছেন আহমেদ শাকিল এবং সংগীত পরিচালনা করেছেন মারুফ চৌধুরী।

ইতোমধ্যে রেকর্ড হওয়া এই গান দুটি প্রকাশের অপেক্ষায়। শুধু তাই নয়, প্রকাশের অপেক্ষায় রয়েছে আরও ডজনখানেক গান।

প্রশ্ন: সাম্প্রতিক গানগুলো নিয়ে কিছু বলবেন?
সাইফুল বারী: হ্যাঁ, আমার লেখা দুটি গান রেকর্ড হলো সম্প্রতি। ‘পিরিতের অসুখ’ গেয়েছেন কাজী শুভ ভাই। সুর দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্লাবন কোরেশী ভাই এবং সংগীত করেছেন আহমেদ সজীব ভাই। আরেকটি গান ‘কেমনে মানুষ হবি’— এটি গেয়েছেন রাজীব শাহ্ ভাই। এর সুর করেছেন আহমেদ শাকিল ভাই এবং মিউজিক করেছেন মারুফ চৌধুরী। এই গান দুটোই আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।

প্রশ্ন: গান লেখার প্রেরণা কোথা থেকে পান?
সাইফুল বারী: আমার চারপাশের জীবন, মানুষের সুখ-দুঃখ, প্রেম-বিরহ, সমাজের বাস্তবতা— সবকিছুই আমাকে গান লিখতে উদ্বুদ্ধ করে। আমি বিশ্বাস করি, গান মানেই মানুষের হৃদয়ে কথা বলা।

প্রশ্ন: ‘পিরিতের অসুখ’ গানটির বিশেষত্ব কোথায়?
সাইফুল বারী: এই গানটির কথায় লোকজ প্রেমের মায়া আছে। গ্রামবাংলার সহজ-সরল প্রেম, আবেগ আর জীবনের টানাপোড়েনকে ধরতে চেয়েছি। কাজী শুভ ভাইয়ের কণ্ঠে এটি অন্যরকম মাত্রা পেয়েছে।

প্রশ্ন: আর ‘কেমনে মানুষ হবি’ গানটি নিয়ে বলুন।
সাইফুল বারী: এটি একটি সামাজিক বার্তাধর্মী গান। মানুষের স্বভাব, হিংসা-নিন্দা, ভণ্ডামি নিয়ে প্রশ্ন তুলেছি। মূল বার্তাই হলো—ভালোবাসা আর সততার বাইরে মানুষ হওয়া যায় না। রাজীব শাহ্ ভাই এটিকে গভীর আবেগ দিয়ে গেয়েছেন।

প্রশ্ন: সুরকার ও সংগীত পরিচালকদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?
সাইফুল বারী: অসাধারণ। প্লাবন কোরেশী ভাই আমার কথাকে সুরে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। সজীব ভাইয়ের সংগীত এটিকে আরও প্রাণবন্ত করেছে। আবার শাকিল ভাইয়ের সুরে ‘কেমনে মানুষ হবি’ নতুন মাত্রা পেয়েছে। মারুফ চৌধুরীও দারুণ মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

প্রশ্ন: শুধু গান প্রকাশ নয়, লিরিক নিয়েও আপনার কিছু পরিকল্পনা আছে শুনেছি?
সাইফুল বারী: হ্যাঁ, আমার লেখা গানগুলোকে পাঠকের কাছেও পৌঁছে দিতে চাই। এজন্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ‘গানের বই – Bangla Lyrics’ নামে একটি অ্যাপে আমার প্রকাশিত গানের লিরিক পাওয়া যাচ্ছে। সেখানে ভক্তরা শুধু গান শুনবেন না, আমার লেখা কথাগুলো পড়তেও পারবেন। ইতোমধ্যে সেখানে নিয়মিত নতুন গান যুক্ত হচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছা আছে।

প্রশ্ন: সামনের পরিকল্পনা কী?
সাইফুল বারী: বর্তমানে ডজনখানেক গান রেকর্ড হয়ে প্রকাশের অপেক্ষায় আছে। চেষ্টা করছি প্রতিটি গানেই নতুন কিছু দিতে। লোকজ প্রেম, সামাজিক বার্তা, ভালোবাসা— সবকিছু নিয়েই লিখছি। আমি চাই, প্রতিটি গান মানুষের হৃদয়ে পৌঁছাক, শুধুই বিনোদন নয়, মানুষের অন্তরে আলো জ্বালানোর মাধ্যম হোক

Scroll to Top