গাজীপুরে বাড়ি ও ফ্ল্যাটের মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে বাড়ি ও ফ্ল্যাটের মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২ নভেম্বর) কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেছেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন।

ফ্ল্যাটের মালিক

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাড়ি বা ফ্ল্যাটের ভাড়াটেরা নিজ পরিবারের সদস্যদের বাইরে অন্য কোনো বহিরাগত ব্যক্তিকে আশ্রয় দিয়ে থাকলে অথবা কোনো বহিরাগত অপরাধ চক্রের সদস্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করলে দ্রুত কালিয়াকৈর থানা কিংবা উপজেলা প্রশাসনকে জানাতে হবে। এ বিষয়ে বাড়ির মালিকদের বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিষয়টি প্রশাসনকে না জানানো হলে এবং এ কারণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে, তার দায় সংশ্লিষ্ট বাড়ির মালিকদের ওপর বর্তাবে। বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতি জরুরি’ উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ইউএনও এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, শ্রমিকদের আন্দোলনের মধ্যে বহিরাগত ব্যক্তিরা যেন প্রবেশ করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য এই গণবিজ্ঞপ্তি দেয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটছে। এর মধ্যে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিক অসন্তোষের প্রভাব বেশি দেখা গেছে। এসব ঘটনায় অগ্নিসংযোগ, ভাঙচুর এবং পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

Scroll to Top