গাজায় ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব | চ্যানেল আই অনলাইন

গাজায় ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব | চ্যানেল আই অনলাইন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাবাসীদের অন্য দেশে সরিয়ে নিয়ে সেখানে একটি আধুনিক শহর গড়ে তোলার জন্য দেয়া প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে সৌদি আরব।

আল জাজিরা জানিয়েছে, শুক্রবার (১১ এপ্রিল) তুরস্কের আন্তালিয়াতে গাজা যুদ্ধ বন্ধে আয়োজিত একটি আন্তর্জাতিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এই অবস্থান জানান।

তিনি বলেন, গাজার মানুষ বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ন্যূনতম জিনিসপত্র থেকেও বঞ্চিত হচ্ছে। গাজায় মানবিক সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যেন কোনো বাধা না থাকে, তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় হতে হবে।

গত দেড় মাস ধরে গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে ইসরায়েল। এই সময়ের মধ্যে হামাস ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি কার্যত ভেঙে পড়ে। যুদ্ধবিরতির মধ্যস্থতায় কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রতি আস্থা প্রকাশ করেছে সৌদি আরব, এবং তাদের প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে।

সম্মেলনের শেষে এক যৌথ বিবৃতিতে অংশগ্রহণকারী দেশগুলো জানায়, গাজা, পূর্ব জেরুজালেম ও পশ্চিমতীর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ মেনে নেওয়া যাবে না।

এছাড়া সম্মেলনে ফিলিস্তিনের তিনটি অঞ্চলকে বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি অথরিটির (পিএ) সঙ্গে একীভূত করার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল যেসব অবৈধ বসতি গড়ে তুলছে ও সম্প্রসারণ করছে, তা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং তা নিন্দনীয়।

Scroll to Top