গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচারমন্ত্রীর | চ্যানেল আই অনলাইন

গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচারমন্ত্রীর | চ্যানেল আই অনলাইন

গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা প্রকাশ করেছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। মন্ত্রী জানান, সাংবাদিকদের মতামত নিয়েই নানা অসঙ্গতি দূর করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে পদক্ষেপ নেবে সরকার। গণমাধ্যমের সামনে আসা নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত সমাধানে জোর দেন তিনি।

রোববার চ্যানেল আই পরিদর্শনে এসে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

দায়িত্ব নেয়ার পর প্রথম কোন গণমাধ্যম প্রতিষ্ঠান পরিদর্শনে তথ্যমন্ত্রী। রোববার বিকেলে চ্যানেল আই কার্যালয়ে জহির উদ্দিন স্বপনকে স্বাগত জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক মুকিত মজুমদার বাবু ও জহিরউদ্দিন মাহমুদ মামুন এবং পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।

তথ্যমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। ‘মধুর ক্যান্টিন থেকে মন্ত্রণালয়’ শীর্ষক স্মারকে তার ছাত্ররাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধি ও মন্ত্রী হওয়ার পথে প্রায় ৫ দশকের রাজনৈতিক পথচলার কথা স্মরণ করা হয়।

গণমাধ্যমের নানা চ্যালেঞ্জ সমাধানে কাজ করার বার্তা দেন তথ্যমন্ত্রী। সেসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও অনুষ্ঠান নির্মাণে চ্যানেল আইয়ের সৃজনশীলতার প্রশংসা করেন জহির উদ্দিন স্বপন।

মতবিনিময়ে তথ্যমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, অতীতে সংবাদ ব্যবস্থাপনায় মন্ত্রণালয় বহির্ভূত এজেন্সির হস্তক্ষেপ, এআই যুগে অপতথ্যের বিস্তার, সম্প্রচার ডিজিটাইজেশনের মাধ্যমে টেলিভিশনের আর্থিক নিশ্চয়তা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও বেতন কাঠামো নির্ধারণের মতো নানা চ্যালেঞ্জের বিষয়ে।

তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, ৫ আগস্টের পরিবর্তনের মধ্যে যে আকাঙ্ক্ষা নিহিত আছে, সেই বার্তা যদি আমরা যার যার অবস্থান থেকে অনুধাবন করতে না পারি, তাহলে সমস্যায় পড়তে হবে।

সম্প্রচারমন্ত্রী জানান, সাংবাদিকদের মতামত নিয়েই নানা অসঙ্গতি দূর করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে পদক্ষেপ নেবে সরকার। নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত সমাধানে জোর দেন।

তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে রাজনীতি ও গণমাধ্যমকে কর্তৃত্ববাদী অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে। পরিবর্তনের যে বার্তা জনগণ দিয়েছেন, তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের সময়ে গণমাধ্যকর্মীদের বাতিল করা এক্রিডিটেশন কার্ড এবং হত্যা মামলায় কারাগারে থাকা সাংবাদিকদের বিষয়েও প্রশ্ন ছিলো নতুন তথ্যমন্ত্রীর কাছে।

সংবাদ বিভাগের প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান, প্রধান বার্তা সম্পাদক মীর মাসরুর জামানসহ বার্তা বিভাগের সাংবাদিকরা মতবিনিময় সভায় অংশ নেয়।

পরে দেশের টেলিভিশন ইতিহাসে প্রথম এআই প্রযুক্তিতে নির্মিত মিউজিক ভিডিও দেখানো হয় তথ্যমন্ত্রীকে। জাতীয় কাজী নজরুল ইসলাম রচিত নাতে রাসুলটিতে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী-শিল্পী কুসুম সিকদার।

এরপর চ্যানেল আই কার্যালয় ঘুরে দেখেন মন্ত্রী।

Scroll to Top