গণভোটের রায় বাস্তবায়নে সংসদ ও রাজপথে আন্দোলনের ঘোষণা শফিকুর রহমানের – DesheBideshe

গণভোটের রায় বাস্তবায়নে সংসদ ও রাজপথে আন্দোলনের ঘোষণা শফিকুর রহমানের – DesheBideshe


গণভোটের রায় বাস্তবায়নে সংসদ ও রাজপথে আন্দোলনের ঘোষণা শফিকুর রহমানের – DesheBideshe

ঢাকা, ২৪ এপ্রিল – গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদ ও রাজপথে একযোগে বিরোধী দলের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান।

শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক গণসমাবেশে তিনি এই মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন, এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনে কোনো বিরতি থাকবে না। আল্লাহর ওপর ভরসা রেখে তিনি রাজপথ ও সংসদের আন্দোলনকে একীভূত করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি ১৯৭১ সালের প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে বলেন, সে সময় জনগণের রায় অমান্য করার কারণে যুদ্ধ অনিবার্য হয়েছিল। যারা সেই রায় অস্বীকার করেছিল, তাদের পরিণতি শুভ হয়নি। বর্তমান পরিস্থিতিতেও যারা রায় মানতে নারাজ, তাদের প্রতি তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে সম্মান জানানোর আহ্বান জানান।

জামায়াত আমির জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, রাজপথ ও সংসদ যেদিন একাকার হয়ে যাবে, সেদিন কোনো বাধাই সমুদ্রের জোয়ারের মতো আসা এই আন্দোলনকে থামাতে পারবে না।

তিনি সমসাময়িক রাজনীতির সমালোচনা করে বলেন, অতীতে বিভিন্ন ন্যারেটিভের মাধ্যমে জাতিকে বিভক্ত করে রাখা হয়েছিল। নির্বাচনের আগে ঐক্যের প্রতিশ্রুতি দিলেও বর্তমানে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।

জুলাইয়ের আন্দোলনের চেতনাকে সামনে রেখে তিনি ‘উই ওয়ান্ট জাস্টিস’ এবং ‘দেশটা কারো বাপের নয়’ স্লোগান দুটির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আধিপত্যবাদের দোসরদের তাড়াতে ওলামা মাশায়েখরা রাজপথে রক্ত দিয়েছেন, তাদের রক্তের সাথে কোনো বিশ্বাস ঘাতকতা করা হবে না।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. অলি আহমদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সভাপতির বক্তব্যে মামুনুল হক আগামী তিন মাসের নতুন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে মে, জুন ও জুলাই মাসে জেলা পর্যায়ে নাগরিক সমাবেশ এবং ৫ আগস্ট ঢাকায় বিশাল গণমিছিল।

এনএন/ ২৪ এপ্রিল ২০২৬



Scroll to Top