গণভোটের ফলাফলের বিরুদ্ধে করা রিট লড়ার ঘোষণা শিশির মনিরের – DesheBideshe

গণভোটের ফলাফলের বিরুদ্ধে করা রিট লড়ার ঘোষণা শিশির মনিরের – DesheBideshe

গণভোটের ফলাফলের বিরুদ্ধে করা রিট লড়ার ঘোষণা শিশির মনিরের – DesheBideshe

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের ফলাফল স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

আইনজীবী শিশির মনির জানান, গণভোটের ফলাফলের কার্যকারিতার ওপর নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা রিট মামলাটি তিনি আদালতে মোকাবিলা করবেন। এর আগে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি দায়ের করেন। আবেদনে গত ১২ ফেব্রুয়ারির গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করার পাশাপাশি ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল বাতিলের দাবি জানানো হয়েছে।

রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আবেদনকারী পক্ষের আইনজীবী জানিয়েছেন, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারির গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশজুড়ে অনুষ্ঠিত এই ভোটে মোট ভোট প্রদানের হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার ‘হ্যাঁ’ পক্ষে এবং ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন ভোটার ‘না’ পক্ষে রায় দিয়েছেন।

এসএএস/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top