আগের তিন ওভারে মাত্র ১৩ রান দিয়েছেন রিশাদ হোসেন, নিয়েছেন ১ উইকেটও। ইনিংসের ১৬তম ওভারে এলেন নিজের চতুর্থ ওভার করতে, সংযুক্ত আরব আমিরাতের তখনো ৫৩ রান দরকার। ব্যাটসম্যান আলিশান শরাফু প্রথম বলটাই পাঠালেন লং অফের দিকে, ক্যাচ হতে হতেও তানজিদ হাসানের সামনে দিয়ে বল বাউন্ডারির বাইরে।
অনেকক্ষণ চুপসে থাকা সংযুক্ত আরব আমিরাতের ডাগআউট এই এক ছক্কায় মুহূর্তেই চনমনে হয়ে উঠল। যেটুকু সংশয় ছিল, কেটে গেল তা নিমেষেই। আর সেই উজ্জীবনী শক্তির সৌজন্যেই কি না, রিশাদের ওই ওভারেই আরও দুটি ছক্কা মেরে বসলেন আসিফ খান। ম্যাচটা বাংলাদেশের নাগাল থেকে পুরোপুরি বেরিয়ে গেল পাঁচ বলের মধ্যেই! শারজায় শেষ পর্যন্ত লিটন দাসের দলের ৯ উইকেটে ১৬২ রান সংযুক্ত আরব আমিরাত টপকে গেছে ৫ বল আর ৭ উইকেট হাতে রেখেই।