কম বয়সে যারা নিয়মিত খেলাধুলা করে, শিক্ষা ও পরামর্শ পায়, তাদের আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা অন্যদের চেয়ে ভালো হয়। এমন তথ্য উঠে এসেছে জীবন বিমা প্রতিষ্ঠান মেটলাইফ পরিচালিত এক গবেষণায়। এতে দেখা গেছে, অধিকাংশ মানুষ নিজেদের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সক্ষম মনে করলেও বাস্তব জীবনের সংকটের মুখে তাদের আত্মবিশ্বাস গড়ে ৭২ শতাংশ কমে যায়।
মেটলাইফের প্রকাশিত ‘দ্য কনফিডেন্ট পাথওয়েজ’ শীর্ষক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও মেক্সিকোর মানুষের ওপর পরিচালিত গবেষণার ফলাফলে এসব তথ্য তুলে ধরেছে। প্রতিবেদনে আত্মবিশ্বাস গড়ে ওঠা ও জীবনের বিভিন্ন ক্ষেত্রে সেই আত্মবিশ্বাস ধরে রাখার প্রস্তুতি ও সহায়ক পরিবেশের গুরুত্ব তুলে ধরা হয়। গবেষণা বলছে, এসব উপাদান মানুষকে অনিশ্চয়তা মোকাবিলা, বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানো এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে সহায়তা করে।



