বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (র.) মাজার প্রাঙ্গণের দিঘিতে কুমিরের হামলায় ফাতেমা (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
সোমবার ১ জুন রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ষাটগম্বুজ ইউনিয়ন এলাকায় অবস্থিত মাজারের মহিলা ঘাটে রাত ৮টার দিকে ফাতেমা গোসল করতে দিঘিতে নামে। এ সময় দিঘিতে থাকা একটি কুমির তাকে আক্রমণ করে পানির নিচে টেনে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। শিশুটির চিৎকার শুনে মাজারে অবস্থানরত লোকজন দ্রুত নৌকা নিয়ে দিঘিতে নেমে উদ্ধারচেষ্টা শুরু করেন। পরে প্রশাসনকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) উপস্থিত হন। বর্তমানে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দিঘিতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে মাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
স্থানীয়রা আরও জানান, ফাতেমা একজন মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। তবে শিশুটির বাবার পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।




