ক্ষমতার পালাবদলের দিনে রিজার্ভ ছাড়াল সাড়ে ৩৪ বিলিয়ন ডলার – DesheBideshe

ক্ষমতার পালাবদলের দিনে রিজার্ভ ছাড়াল সাড়ে ৩৪ বিলিয়ন ডলার – DesheBideshe

ক্ষমতার পালাবদলের দিনে রিজার্ভ ছাড়াল সাড়ে ৩৪ বিলিয়ন ডলার – DesheBideshe

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – রাজনৈতিক পালাবদলের একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় সমাপ্ত হয়েছে আজ। প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের ইতি ঘটেছে এবং একই দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট রাষ্ট্র পরিচালনার ভার গ্রহণ করেছে।

শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের এই দিনটিতে দেশের অর্থনীতিতে একটি ইতিবাচক খবর মিলেছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা সঞ্চয় সাড়ে ৩৪ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। খাত সংশ্লিষ্টরা এটিকে অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে মূলত প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বাড়ায় রিজার্ভে এই উত্থান দেখা গেছে। সাম্প্রতিক মাসগুলোতে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রার মজুত শক্তিশালী হয়েছে।

পাশাপাশি আমদানি ব্যয় কিছুটা নিয়ন্ত্রণে থাকা এবং রপ্তানি আয় স্থিতিশীল থাকাও রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে। অর্থনীতিবিদরা মনে করছেন সাড়ে ৩৪ বিলিয়ন ডলারের বেশি রিজার্ভ দেশের আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি দিন শেষে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৪ বিলিয়ন মার্কিন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম ৬ পদ্ধতি অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।

চলতি বছরের জানুয়ারিতে প্রবাসীরা ৩১৭ কোটি ডলার পাঠিয়েছেন যা ডলার সংকট কমাতে সাহায্য করেছে। চলতি ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনেও ১৮০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। প্রবাস আয়ের এই প্রবাহ বাড়ায় ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্ত সৃষ্টি হয়েছে।

এমতাবস্থায় মুদ্রাবাজারে স্থিতিশীলতা আনতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ডলার কিনছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে প্রায় ৪৯০ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top