ক্ষমতায় এলে তিন অঙ্গীকার বাস্তবায়নের ঘোষণা জামায়াত আমিরের | চ্যানেল আই অনলাইন

ক্ষমতায় এলে তিন অঙ্গীকার বাস্তবায়নের ঘোষণা জামায়াত আমিরের | চ্যানেল আই অনলাইন

জনগণের সমর্থনে ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারলে শিক্ষা সংস্কার, কর্মসংস্থানে যোগ্যতার ভিত্তি এবং দুর্নীতি দমন এই তিন বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এফডিইবি) বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা সংস্কার করে এমন শিক্ষা চালু করা হবে, যা জ্ঞান ও নৈতিকতা শেখাবে। ডিগ্রির চেয়ে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হবে। একই সঙ্গে প্রতিটি সেবার গুরুত্ব ও ঝুঁকির ভিত্তিতে বেতন কাঠামো নির্ধারণ করে দুর্নীতি দমন করা হবে।

তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা হবে। জনগণকে অধিকার আদায়ে আর রাস্তায় নামতে হবে না, ইনসাফের ভিত্তিতেই প্রাপ্য অধিকার তাদের হাতে তুলে দেওয়া হবে।

পুলিশের উদাহরণ টেনে জামায়াত আমির বলেন, ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনের পরও তাদের যথাযথ পারিশ্রমিক দেওয়া হয় না। এ ধরনের বৈষম্য বন্ধ করে কাজের গুরুত্ব অনুযায়ী বেতন নিশ্চিত করা হবে।

Scroll to Top