ক্যালগেরি স্ট্যাম্পিডে পর্যটকদের ঢল, যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও | চ্যানেল আই অনলাইন

ক্যালগেরি স্ট্যাম্পিডে পর্যটকদের ঢল, যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও | চ্যানেল আই অনলাইন

কানাডার অ্যালবার্টা প্রদেশের ক্যালগেরি শহরে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় রোডিও উৎসব ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’। ৩ জুলাই শুরু হওয়া ১০ দিনের এ উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের পাশাপাশি অংশ নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। উৎসব চলবে ১৩ জুলাই পর্যন্ত।

১৯১২ সালে যাত্রা শুরু করা ক্যালগেরি স্ট্যাম্পিড শহরটির ইতিহাস, ঐতিহ্য এবং কাউবয় সংস্কৃতির অন্যতম প্রতীক হিসেবে পরিচিত। প্রতিবছরের মতো এবারও বড় বাজেটের এ আয়োজনকে ঘিরে ক্যালগেরির ডাউনটাউনসহ বিভিন্ন সড়ক বর্ণিল আলোকসজ্জায় সেজে উঠেছে।

রোডিও উৎসব ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’
রোডিও উৎসব ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’ ছবি: প্রতিনিধি

উৎসব উপলক্ষে ক্যালগেরির হোটেল ও রেস্তোরাঁগুলো পর্যটকে পরিপূর্ণ। শহরের বিভিন্ন স্থানে দর্শনার্থীদের পদচারণায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। এ আয়োজনে বিভিন্ন দেশের কমিউনিটি নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্য ও ইতিহাসও তুলে ধরছে।

স্ট্যাম্পিডের অন্যতম আকর্ষণের মধ্যে রয়েছে রোডিও প্রতিযোগিতা, ঘোড়দৌড়, মিডওয়ে গেমস, লাইভ মিউজিক, শিশু-কিশোরদের জন্য বিভিন্ন রাইড, আতশবাজি এবং বর্ণাঢ্য প্যারেড। এসব আয়োজন স্থানীয় বাসিন্দা ও বিদেশি পর্যটকদের ব্যাপকভাবে আকর্ষণ করছে।

উৎসবের জনপ্রিয় আয়োজন ‘স্ট্যাম্পিড ব্রেকফাস্ট’-এ অংশ নেন অ্যালবার্টা প্রদেশের সরকারপ্রধান, ক্যালগেরির মেয়র এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা। তারা শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের জন্য নিজ হাতে নাশতা পরিবেশন করেন।

রোডিও উৎসব ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’
রোডিও উৎসব ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’ ছবি: সংগৃহীত

বিশেষজ্ঞদের মতে, ক্যালগেরি স্ট্যাম্পিড শুধু একটি সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন নয়, এটি স্থানীয় অর্থনীতিরও গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং পর্যটন খাত থেকে উল্লেখযোগ্য রাজস্ব অর্জিত হয়।

Scroll to Top