তখন থেকেই চিকিৎসক সাফিয়াকে কোনো অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছে।
এই সপ্তাহের শুরুতে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বন্দী বিনিময় চুক্তি হলেও হামাসের একটি সূত্র জানিয়েছে, চিকিৎসক সাফিয়াকে মুক্তি দেওয়া হবে না।
গত শুক্রবার হামাসের এক কর্মকর্তা সিএনএনকে বলেন, দখলদার বাহিনী চিকিৎসক হুসাম আবু সাফিয়াকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে।
গত জুলাইয়ে আইনজীবী ঘাইদ ঘানেম কাসেম জানান, ইসরায়েলের কুখ্যাত ওফার কারাগারে বন্দী অবস্থায় সাফিয়ার শরীরের ওজন এক-তৃতীয়াংশের বেশি কমে গেছে। তাঁকে নৃশংসভাবে মারধর করা হয়েছে এবং তাঁর চিকিৎসার জন্য বারবার করা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।
কাসেম ফেসবুকে এক পোস্টে বলেন, ‘চিকিৎসক হুসাম আবু সাফিয়া ভালো নেই। আমি তাঁর সঙ্গে সর্বশেষ দেখা করি কয়েক দিন আগে, ৯ জুলাই। তিনি ৪০ কেজির বেশি ওজন হারিয়েছেন, যা তাঁর মোট ওজনের এক-তৃতীয়াংশের বেশি।’
আইনজীবী আরও বলেন, গ্রেপ্তারের সময় তাঁর ওজন ছিল ১০০ কেজি। এখন তাঁর ওজন ৬০ কেজির বেশি নয়। তাঁকে গত ২৪ জুন প্রচণ্ড মারধর করা হয়েছিল।
আইনজীবী কাসেম আরও বলেন, চিকিৎসক সাফিয়া ‘অনিয়মিত হৃৎস্পন্দনে’ ভুগছেন। আইনজীবীর মাধ্যমে সম্প্রতি আনা তাঁর চশমাটিও ভেঙে ফেলা হয়েছে।



