নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণার পর আলোচনা শুরু হয়েছে তার নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে। হলিউডের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর নাম শোনা গেলেও এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি।
গেল ১৬ নভেম্বর প্যাটিনসনকে নতুন জেমস বন্ড হিসেবে ঘোষণা করে অ্যামাজন এমজিএম স্টুডিওস। এরপর থেকেই তার বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে ভক্তদের আগ্রহ বেড়েছে।
সম্ভাব্য নায়িকাদের তালিকায় সবচেয়ে আলোচিত নাম জেন্ডায়া। প্যাটিনসনের সঙ্গে তার আগে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে।
এ ছাড়া সিডনি সুইনি, জোডি কোমার, আনিয়া টেলর-জয়, ফ্লোরেন্স পিউ ও জেমা চ্যানের নামও আলোচনায় রয়েছে।
প্যাটিনসনের সঙ্গী অভিনেত্রী ও সংগীতশিল্পী সুকি ওয়াটারহাউসের নামও শোনা যাচ্ছে।
তবে এসবই জল্পনা। কোনো অভিনেত্রীর নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
এর পাশাপাশি নতুন সিনেমাতে ‘বন্ড গার্ল’ চরিত্রটি কেমন হবে, তা নিয়েও আলোচনা চলছে।
চলচ্চিত্র সমালোচকদের মতে, আগের মতো শুধু জেমস বন্ডের প্রেমিকা বা আকর্ষণীয় নারী হিসেবে চরিত্রটিকে দেখানো উচিত নয়। নতুন সিনেমাতে নারী চরিত্রের নিজস্ব পরিচয়, লক্ষ্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা প্রয়োজন।
তাদের মতে, বন্ডের নায়িকা হতে পারেন একজন দক্ষ গোয়েন্দা, সহযোগী কিংবা শক্তিশালী খলনায়িকা। চরিত্রটি এমন হওয়া উচিত, যিনি প্রয়োজনে বন্ডকেও বুদ্ধিতে হারাতে পারেন।
আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭
এখন দেখার বিষয়, নতুন জেমস বন্ডের জন্য এই চরিত্রে নির্মাতারা কাকে বেছে নেন।
সূত্র: বিবিসি


