মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী সপ্তাহেই হোয়াইট হাউস সফর করতে পারেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, তাদের সম্পর্কের ক্ষেত্রে কে বস, সেটা নেতানিয়াহু জানেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।
মার্কিন ও ইসরায়েলের ফেব্রুয়ারির শেষ দিকে শুরু করা ইরানবিরোধী যুদ্ধ বন্ধের প্রচেষ্টা নিয়ে দুই নেতার মধ্যে সাম্প্রতিক সময়ে টানাপোড়েনের খবর প্রকাশিত হওয়ার মধ্যেই সম্ভাব্য এই বৈঠকের আলোচনা সামনে এলো।
ট্রাম্প বলেন, ‘আমাদের সম্পর্ক খুবই ভালো। (নেতানিয়াহু) জানেন, কে বস।’ এ সময় তিনি নিজের দিকেই ইঙ্গিত করেন।
তবে এক ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, আগামী সপ্তাহে সফরটি হওয়ার সম্ভাবনা কম। কারণ, ৭ ও ৮ জুলাই ন্যাটো সম্মেলনে যোগ দিতে ট্রাম্প তুরস্ক সফরে থাকবেন।
ওই কর্মকর্তা বলেন, ‘বৈঠকটি সম্ভবত তার পরের সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।’
এদিকে, নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, শুক্রবার দুই নেতা টেলিফোনে কথা বলেছেন এবং শিগগিরই যুক্তরাষ্ট্রে সাক্ষাৎ করার বিষয়ে একমত হয়েছেন।
যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হলেও, সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ ইরানের সঙ্গে শান্তি আলোচনাকে ঝুঁকির মুখে ফেলায় নেতানিয়াহুর সমালোচনা করেছেন ট্রাম্প।
এর আগে সর্বশেষ গত ১১ ফেব্রুয়ারি ওয়াশিংটনে মুখোমুখি বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহু।




