কেন্ট ক্রিকেট ক্লাবের সোশ্যাল মিডিয়ায় মন্তব্য বন্ধের ঘোষণা – DesheBideshe

কেন্ট ক্রিকেট ক্লাবের সোশ্যাল মিডিয়ায় মন্তব্য বন্ধের ঘোষণা – DesheBideshe


কেন্ট ক্রিকেট ক্লাবের সোশ্যাল মিডিয়ায় মন্তব্য বন্ধের ঘোষণা – DesheBideshe

লন্ডন, ২ মে – ইংলিশ ক্রিকেট ক্লাব কেন্ট তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে সাধারণ ব্যবহারকারীদের মন্তব্য করার সুযোগ সাময়িকভাবে স্থগিত করেছে। ক্লাবের প্রধান কোচ অ্যাডাম হলিওয়েক মনে করেন, বর্তমান সময়ে সমর্থকদের কড়া সমালোচনার কারণে খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

চলতি মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে কেন্টের পারফরম্যান্স মোটেও সন্তোষজনক নয়। তিনটি ম্যাচ শেষে তারা পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। এমন পরিস্থিতিতে সমর্থকদের পক্ষ থেকে অনলাইনে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া আসা শুরু করলে ক্লাবটি এই সিদ্ধান্ত নেয়।

শুক্রবার ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচের আগে এক বিবৃতিতে হলিওয়েক স্বীকার করেন যে দলের সাম্প্রতিক পারফরম্যান্স প্রত্যাশিত মানের ধারেকাছেও ছিল না। তবে খেলোয়াড়দের মানসিক সুরক্ষাকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। সারে এবং ইংল্যান্ড দলের সাবেক ক্রিকেটার গ্রাহাম থর্পের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন হলিওয়েক।

২০২৪ সালে থর্পের আত্মহত্যার ঘটনা তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। এর আগে ২০০২ সালে গাড়ি দুর্ঘটনায় নিজ ভাই অলরাউন্ডার বেন হলিওয়েককেও হারান তিনি। এছাড়া ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান রবিন স্মিথের মদ্যপানে আসক্তি এবং পরবর্তী মৃত্যুর ঘটনাও তাকে ব্যথিত করেছে।

অ্যাডাম হলিওয়েক বলেন, তার পেশাদার ক্যারিয়ারে অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। সাম্প্রতিক সময়ে তিনি তার দুই ঘনিষ্ঠ বন্ধু ও সতীর্থকে মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে হারিয়েছেন। তার দায়িত্ব হলো বর্তমানে তার অধীনে যারা কাজ করছে তাদের এমন পরিস্থিতির হাত থেকে রক্ষা করা।

সেই ভাবনা থেকেই মিডিয়া টিমের সঙ্গে আলোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান এই পদক্ষেপটি সাময়িক এবং কাউকে মতামত প্রকাশে বাধা দেওয়া তাদের মূল উদ্দেশ্য নয়।

মূলত খেলোয়াড় এবং কর্মীদের চাপমুক্ত রাখতে এই কৌশল অবলম্বন করা হয়েছে। বর্তমানে এক্স হ্যান্ডেলে কেন্টের ১ লাখ ৪ হাজার এবং ইনস্টাগ্রামে ৬৪ হাজারের বেশি অনুসারী রয়েছে।

এস এম/ ২ মে ২০২৬



Scroll to Top