
তেহরান, ১৯ জুলাই – কুয়েতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি প্রধান সামরিক স্থাপনায় বড় পরিসরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় কুয়েতের একটি বিমানঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা রাডারকে লক্ষ্যবস্তু করা হয়।
তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে কুয়েতের ক্যাম্প আল আদিরিতে থাকা একটি গোলাবারুদ গুদাম এবং আলি আল সালেম বিমানঘাঁটির গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা স্থাপনাগুলো এই হামলার শিকার হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আলি আবদুল্লাহি বলেছেন যে কোনো ধরনের আগ্রাসনের জবাবে তাদের সশস্ত্র বাহিনী ধ্বংসাত্মক ও চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যে দেশটির শক্তিশালী ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলি আবদুল্লাহি যুক্তরাষ্ট্রকে একটি প্রতারক ও বিশ্বাসঘাতক শত্রু হিসেবে অভিহিত করেছেন।
তিনি উল্লেখ করেন যে শত্রুপক্ষ এখন জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু দেশের ঐক্য ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।
দেশের নিরাপত্তা রক্ষায় আগের চেয়ে অনেক বেশি চড়া মূল্য দিতে যুক্তরাষ্ট্রকে বাধ্য করার অঙ্গীকারও করেছেন এই শীর্ষ জেনারেল। পুরো দেশের শান্তি ও নিরাপত্তার জন্য ইরানের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাই সবচেয়ে বড় ভরসা বলে তিনি তার বিবৃতিতে দাবি করেন।
এস এম/ ১৯ জুলাই ২০২৬





