
কুমিল্লা, ১৪ জুলাই – ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে একজন যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সুয়াগাজী এলাকায় রাহাত ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী লেনে এই দুর্ঘটনাটি ঘটে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে আসছিল।
সুয়াগাজী এলাকায় পৌঁছালে বাসটি চট্টগ্রাম থেকে ঢাকাগামী সিডিএম পরিবহনের অপর একটি বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাস দুটির সামনের ও পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় সিডিএম পরিবহনের যাত্রী ইমরান গাজী ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহত ইমরান চাঁদপুর সদর উপজেলার ফজলুল হক গাজীর ছেলে। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায় দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে জব্দ করা হয়েছে এবং নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এস এম/ ১৪ জুলাই ২০২৬





