কুমিল্লায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের একই পরিবারের চারজনসহ নিহত ৫ – DesheBideshe

কুমিল্লায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের একই পরিবারের চারজনসহ নিহত ৫ – DesheBideshe

কুমিল্লায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের একই পরিবারের চারজনসহ নিহত ৫ – DesheBideshe

কুমিল্লা, ২৬ মার্চ – কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে মিয়ামী হোটেলের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে চারজন হলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদের পরিবারের সদস্য। তারা হলেন তার বোন ঝর্না বেগম, ভগ্নিপতি মুফতি আব্দুল মমিন, ভাগনি লাবিবা এবং ভাগনে সাইফ। তাদের সবার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাতারপাইয়া এলাকায়। নিহত অপর ব্যক্তি হলেন প্রাইভেটকারের চালক জামাল হোসেন, যিনি বরিশালের বাসিন্দা।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাওয়া একটি প্রাইভেটকার কালাকচুয়া এলাকায় পৌঁছালে একই দিকগামী স্টার লাইন পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। প্রাইভেটকারের চালক জামাল হোসেন এবং আবরার নামের আরেক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আবরার ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেছেন। তবে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এনএন/ ২৬ মার্চ ২০২৬



Scroll to Top