যাত্রীসেবার মান উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। চলন্ত ট্রেনে উচ্চগতির ইন্টারনেট সুবিধা দিতে পরীক্ষামূলকভাবে ফ্রি ওয়াই–ফাই সেবা চালু করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) থেকে দেশের কয়েকটি জনপ্রিয় ও ভিআইপি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করা হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সহযোগিতায় স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে এই সেবা দেওয়া হচ্ছে।
প্রাথমিকভাবে তিনটি আন্তনগর ট্রেনে যাত্রীরা এ সুবিধা পাচ্ছেন। ট্রেনগুলো হলো পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস।
রেলওয়ে কর্মকর্তারা জানান, দীর্ঘ ভ্রমণে যাত্রীদের জন্য নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ এখন একটি বড় চাহিদা। আগে মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভর করতে হতো, যা ট্রেন চলন্ত অবস্থায় অনেক সময় বিচ্ছিন্ন হয়ে যেত। কিন্তু স্যাটেলাইট থেকে সরাসরি সংকেত পাওয়ায় দুর্গম এলাকাতেও ইন্টারনেট সংযোগ স্থিতিশীল থাকবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য ননস্টপ ও অধিক চাহিদাসম্পন্ন আন্তঃনগর ট্রেনেও এ ধরনের ইন্টারনেট সেবা চালু করা হবে। এর ফলে ট্রেনের ভেতর বসেই যাত্রীরা অনলাইন ক্লাস, ফ্রিল্যান্সিং বা অফিসের কাজ করতে পারবেন।



