
কিউবা, ২৬ ফেব্রুয়ারি – কিউবার জলসীমায় বিনা অনুমতিতে প্রবেশ করা যুক্তরাষ্ট্রের একটি স্পিডবোট লক্ষ্য করে গুলি চালিয়েছে কিউবার কোস্টগার্ড। এতে চারজন নিহত এবং আরো ছয়জন আহত হয়েছেন।
বুধবার কিউবার জলসীমায় প্রবেশ করে ওই স্পিডবোট থেকে টহলদার বাহিনীর ওপর গুলি চালালে পাল্টা অভিযানে এই হতাহতের ঘটনা ঘটে। হাভানা জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিবন্ধিত একটি স্পিডবোট দেশটির জলসীমায় অনুপ্রবেশ করলে এই সংঘাতের সৃষ্টি হয়।
রাজধানী হাভানা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে উত্তর উপকূলের ফ্যালকোনেস কে এলাকার কাছে স্পিডবোটটি তাদের সীমান্ত চ্যানেলে প্রবেশ করে। তখন টহল ইউনিটের পাঁচ সদস্য সেটির দিকে এগিয়ে গেলে স্পিডবোট থেকে গুলি চালানো হয় এবং এতে কিউবার জাহাজের এক কমান্ডার আহত হন।
আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুরো ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমেয়ার জানিয়েছেন যে অন্যান্য রাজ্য ও ফেডারেল সংস্থার সঙ্গে সমন্বয় করে তারা আলাদা তদন্ত করবেন কারণ কিউবার দেওয়া তথ্য পুরোপুরি বিশ্বাসযোগ্য নয় বলে তিনি মনে করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির মাঝেই এই ঘটনা ঘটল।
এর আগে ৩ জানুয়ারি মার্কিন বাহিনী কারাকাস থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যার ফলে কিউবা একটি গুরুত্বপূর্ণ মিত্র হারায়। এ ছাড়া যুক্তরাষ্ট্র কিউবায় প্রায় সব তেল সরবরাহ বন্ধ করায় চাপে পড়েছে দেশটির কমিউনিস্ট সরকার।
কিউবার বিবৃতিতে বলা হয়েছে যে তারা আঞ্চলিক জলসীমা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষাই তাদের মূল লক্ষ্য। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
এ এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬





