উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। চিকিৎসাধীন অবস্থায় ৯২ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকালে মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে তিনি মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিতত করা হয়েছে।
আশা ভোঁসলে নাতনি জানাই ভোঁসলে জানান, তিনি ‘চরম ক্লান্তি’ এবং ‘বুকের সংক্রমণ’ এ ভুগছিলেন, যার কারণে তাকে শনিবার হাসপাতালে নেওয়া হয়েছিল।
তবে হাসপাতালের চিকিৎসক ডা. প্রতীত সামধানি-এর আগের রিপোর্ট অনুযায়ী, শনিবার সকালে তার কার্ডিয়াক অ্যারেস্ট (হৃদ্রোগজনিত জটিলতা) হয়েছিল এবং দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
৯৩ বছর বয়সী আশাজি ভারতীয় সংগীত জগতের অন্যতম সেরা ও বহুমুখী কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত। সাত দশকেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন ভাষা ও ঘরানায় হাজার হাজার গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করে এসেছেন।
১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর জন্ম আশা ভোঁসলের। তিনি প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের বোন। বাড়িতে গানের পরিবেশেই বড় হয়েছেন তাঁরা। ১৯৪৮ সালে ‘চুনারিয়া’ সিনেমার ‘সাওয়ান আয়া’ গান দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। এর আগে মারাঠি ভাষায় গান গেয়েছিলেন তিনি।




