
বরগুনা, ২১ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের কারচুপির সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বর্তমান সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
গত মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বরগুনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা; দ্বিতীয়ত, ভোট সঠিকভাবে গণনা করা; এবং তৃতীয়ত, প্রকৃত বিজয়ী প্রার্থীকে বিজয়ী হিসেবে ঘোষণা করা।
গণভোট বিষয়ে তিনি বলেন, সরকারের অবস্থান পরিষ্কার। সরকার জনগণকে ‘হ্যাঁ’ ভোট দিতে উৎসাহিত করবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণই। আগামীর নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির সুযোগ দেওয়া হবে না।
গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে তিনি বলেন, জনগণকে ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
এসময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তিগত মত বা পছন্দ থাকতে পারে, তবে তা যেন ভোটের মাঠে কোনো প্রভাব না ফেলে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
এনএন/ ২১ জানুয়ারি ২০২৬




