
ইসলামাবাদ, ১৪ মার্চ – বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। কাঁধের গুরুতর ইনজুরিতে পড়ে সিরিজ থেকে পুরোপুরি ছিটকে গেছেন দলটির অলরাউন্ডার হুসাইন তালাত।
দ্বিতীয় ওয়ানডেতে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় তিনি এই মারাত্মক চোট পান। মাঠে ব্যথায় কাতরাতে থাকা এই ক্রিকেটারকে প্রাথমিক মূল্যায়নের পর দ্রুত অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।
পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে যে তার বাঁ কাঁধের সংযোগস্থল সরে গেছে। এর ফলে অন্তত ১২ থেকে ১৪ সপ্তাহ তাকে মাঠের বাইরে কাটাতে হবে। এই দীর্ঘ বিরতির কারণে আসন্ন পাকিস্তান সুপার লিগেও তার খেলা হচ্ছে না।
পিসিবি আরও জানিয়েছে যে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে স্থিতিশীল আছেন। কিছুদিন বিশ্রামের পর তাকে করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে। সেখানেই তার চোট পুনর্বাসনের পুরো কার্যক্রম চলবে।
উল্লেখ্য যে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে পাকিস্তান। মিরপুরে বৃষ্টির কারণে ৩২ ওভারে ২৪৩ রানের নতুন লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ মাত্র ১১৪ রানে গুটিয়ে যায়। এর ফলে ১২৮ রানের বিশাল জয় পায় সফরকারীরা।
আগামীকাল সিরিজের তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে উভয় দল।
এনএন/ ১৪ মার্চ ২০২৬





