কাঁদলেন ব্রাজিলের ওয়েসলি

কাঁদলেন ব্রাজিলের ওয়েসলি

মিশরের বিপক্ষে জয়ের ম্যাচে বড়সড় ধাক্কা খেয়েছে সেলেসাওরা। ম্যাচের মাত্র ১৫ মিনিটের মাথায় বাঁ-দিকের কুচকির ব্যথার কারণে মাঠ ছাড়তে বাধ্য হন তরুণ রাইট-ব্যাক ওয়েসলি।

আজ এই ডিফেন্ডারের চোটের গভীরতা জানতে বেশ কিছু মেডিকেল পরীক্ষা করানো হবে বলে জানিয়েছেন ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচ শেষে ইতালিয়ান এই কোচ বলেন, ‘মেডিকেল বিভাগ পরীক্ষার পর চূড়ান্ত ডায়াগনসিস জানাবে।

তার একটি পেশীর সমস্যা হয়েছে এবং আমাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
মাত্র ২২ বছর বয়সে ইতালিয়ান ক্লাব রোমায় খেলা এই ডিফেন্ডারের এটিই হতে পারত প্রথম বিশ্বকাপ।

কিন্তু চোটের কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার শঙ্কায় ডাগআউটে বসেই কান্নায় ভেঙে পড়েন ওয়েসলি। সে সময় সতীর্থ এবং কোচিং স্টাফের সদস্যরা তাকে সান্ত্বনা দেন।

আনচেলত্তি এই তরুণ ফুল-ব্যাকের ইনজুরিতে দুঃখ প্রকাশ করলেও আশ্বস্ত করে বলেছেন, ‘দলে এমন খেলোয়াড় আছে যারা তার জায়গায় খেলার যোগ্যতা রাখে।’

কাঁদলেন ব্রাজিলের ওয়েসলি

মিশরের বিপক্ষে দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আনচেলত্তি। বিশেষ করে বাম প্রান্ত এবং মাঠের মাঝখানের অংশে ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়ার বোঝাপড়া এবং আক্রমণাত্মক জুটি তার বেশ পছন্দ হয়েছে।

ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে আনচেলত্তি বলেন, ‘দল ভালো খেলেছে। প্রথম ৬০ মিনিট দল দারুণ তীব্রতা, ছন্দ, মান ও গোছানো ফুটবল উপহার দিয়েছে। প্রেসিংয়ের তীব্রতাও চমৎকার ছিল… আমরা এতে সন্তুষ্ট। তবে শেষ ৩০ মিনিটে দলের আরও একটু নিয়ন্ত্রণ রাখা এবং বল পজিশন ধরে রাখা উচিত ছিল। আমরা কিছুটা অকারণেই আক্রমণ বাড়াচ্ছিলাম, যার প্রয়োজন ছিল না; কারণ ততক্ষণে আমরা জয় নিশ্চিত করে ফেলেছিলাম।’

ভিনি-রাফিনিয়া জুটিকে নিয়ে তিনি যোগ করেন, ‘আমার মনে হয় ভিনিসিয়ুস এবং রাফিনিয়া জুটি দারুণ কাজ করেছে। তাদের কম্বিনেশন ভালো ছিল এবং আমরা সুযোগ তৈরি করতে পেরেছি। তারা দুজনেই খুব ভালো খেলেছে।’

মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হতে যাচ্ছে। আনচেলত্তি জানিয়েছেন, উদ্বোধনী ম্যাচের জন্য তিনি ইতিমধ্যেই তার শুরুর একাদশ চূড়ান্ত করে ফেলেছেন, যদিও এই বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি তিনি।

Scroll to Top