কলকাতায় প্রথমবার ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ভারত – DesheBideshe

কলকাতায় প্রথমবার ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ভারত – DesheBideshe


কলকাতায় প্রথমবার ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ভারত – DesheBideshe
ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ভারত

কলকাতা, ০৩ অক্টোবর-আজ ইতিহাসের অপেক্ষায় কলকাতার সল্টলেক। প্রথমবারের মতো পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। শক্তির বিচারে দুই দলের মধ্যে বিস্তর পার্থক্য থাকলেও ম্যাচটিকে মোটেও হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল। বিশ্ব ফুটবলের পরাশক্তি ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্সই যেন কার্লো আনচেলত্তির দলকে সতর্ক করেছে।

সর্বশেষ ম্যাচে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে থাকা পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ভারত। র‍্যাঙ্কিংয়ে ১৩৮ নম্বরে থাকা দলটির এই পারফরম্যান্সই ব্রাজিলের জন্য যথেষ্ট সতর্কবার্তা।

ম্যাচের আগে ভারতকে সমীহের কথাই জানিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ‘ভারতীয় দলকে আমরা সম্মান করি। তারা পানামার সঙ্গে ড্র করেছে। প্রতিপক্ষ হিসেবে তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে।’

ভারতের ফুটবলপ্রেম নিয়েও অবগত আনচেলত্তি। দেশটির ক্রিকেটনির্ভর সংস্কৃতির কথা উল্লেখ করে ব্রাজিল কোচ বলেন, ক্রিকেট ভারতের সংস্কৃতির অংশ হলেও ফুটবলের প্রতিও মানুষের ভালোবাসা রয়েছে।

তিনি বলেন, ‘আমরা এখানে এসে খুশি। যারা ম্যাচটি দেখার সুযোগ পাবে, তাদের সামনে নিজেদের মান দেখাতে চাই। আশা করি, এটি হবে দারুণ এক রাত।’

অন্যদিকে ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা উজাড় করে দিতে চান ভারতের কোচ খালিদ জামিল। তার বিশ্বাস, চাপ সামলে দায়িত্ব নিয়ে খেলতে পারলে অঘটনও সম্ভব।

ভারতীয় কোচ বলেন, ‘ম্যাচে চাপ থাকবে। তবে সেটি সামলাতে হবে। দায়িত্ব নিতে হবে। নিজের সেরাটা দিতে পারলে, যেকোনো কিছুই সম্ভব।’

একদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে নিজেদের ফুটবল ইতিহাসের অন্যতম বড় পরীক্ষার সামনে ভারত।

এস এম/ ০৩ অক্টোবর ২০২৬

 

Scroll to Top