কন্ট্রোল রুমে মেরামতকাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী সাময়িক বরখাস্ত

কন্ট্রোল রুমে মেরামতকাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী সাময়িক বরখাস্ত

রেলওয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাওটি স্টেশনের আউটার এলাকায় রেললাইন মেরামতের কাজ চললেও বিষয়টি নাঙ্গলকোট ও লাকসাম রেলস্টেশন কর্তৃপক্ষকে জানানো হয়নি। এমনকি ট্রেনচালক বা লোকোমাস্টারও এ বিষয়ে অবগত ছিলেন না। ফলে মেরামতকাজ চলা রেলপথে ট্রেনটি কীভাবে চলাচলের অনুমতি পেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের স্টেশনমাস্টার ওমর ফারুক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, রেললাইন মেরামতের বিষয়ে প্রকৌশল বিভাগের কেউ তাঁদের জানাননি। প্রকৌশল বিভাগ রেললাইনে কাজ করলে আগে ও পরের দুটি স্টেশনকে অন্তত জানানোর কথা। কিন্তু এ ধরনের কাজের বিষয়ে তাঁরা কোনো তথ্য পাননি। তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্রেনটির লোকোমাস্টার মোয়াজ্জেম হোসেনও দাবি করেছেন, রেললাইনে মেরামতের কাজ চলার বিষয়ে তাঁকে জানানো হয়নি। বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে নাঙ্গলকোট স্টেশন থেকে ‘লাইন ক্লিয়ার’ সংকেত পেয়ে লাকসাম স্টেশনের দিকে যাত্রা শুরু করেন। পথে রেললাইন মেরামতের কাজ চললেও নাঙ্গলকোট কিংবা লাকসাম স্টেশন থেকে তাঁকে সতর্ক করা হয়নি।

Scroll to Top