ভারতের মুম্বাইয়ের ওরলি এলাকায় একটি মিউজিক কনসার্টে অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের পর এক যুবকের মৃত্যু হয়েছে এবং একইসাথে তার এক নারী বন্ধু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (৬ জুন) রাতে এনএসসিআই ডোম, ওরলি ভেন্যুতে অনুষ্ঠিত ‘ক্লাংকুয়েনস্টলার অল নাইট লং’ মিউজিক ইভেন্টে অংশ নেন ২৮ বছর বয়সী মহারাষ্ট্রের মাহিম এলাকার বাসিন্দা ঋষভ গাঙ্গুরদে এবং তার নারী বন্ধু।
কনসার্ট চলাকালে অতিরিক্ত মদ্যপানের পর দু’জনই অসুস্থ হয়ে পড়েন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে ঋষভ গাঙ্গুরদেকে মৃত ঘোষণা করে হাসপাতাল কতৃপক্ষ।
তার নারী বন্ধুটিকে পরে অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন। শুধু অ্যালকোহল ও এনার্জি ড্রিংকস গ্রহণ করেছিলেন বলে জানিয়েছেন তিনি।
পুলিশ জানায়, এখন পর্যন্ত কোন মাদক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে বলে ধারণা করা হলেও চূড়ান্ত কারণ জানতে ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।
ঘটনাটিকে কেন্দ্র করে পুলিশ একটি অ্যাকসিডেন্টাল ডেথ রিপোর্ট দায়ের করেছে এবং অন্তত আটজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যার মধ্যে ইভেন্টের আয়োজকরাও রয়েছেন।
এ ঘটনায় ভেন্যুর সিসিটিভি ফুটেজ, মোবাইল ডিভাইস এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে টিকিট কালোবাজারি এবং অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগও অনুসন্ধান করা হচ্ছে।
সূত্র অনুযায়ী, আয়োজকদের ব্যাংক অ্যাকাউন্টও পরীক্ষা করা হচ্ছে। এছাড়া ঘটনাটি আড়াল করে কোনো গোপন রেভ পার্টির আয়োজন হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখছে তদন্তকারীরা।
ভেন্যুতে মোতায়েন থাকা প্রাইভেট বাউন্সার ও নিরাপত্তাকর্মীদের ভূমিকাও তদন্তাধীন রয়েছে। ফরেনসিক দল ভেন্যুর ভেন্টিলেশন ব্যবস্থা এবং ভিড় নিয়ন্ত্রণ পরিস্থিতি বিশ্লেষণ করছে।
এর আগে এপ্রিল মাসে একই ধরনের এক ঘটনায় গোরেগাঁওয়ের এনইএসসিইও সেন্টারে একটি কনসার্টে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটে, যা নিরাপত্তা ও ইভেন্ট ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।




