বিশ্বকাপে শুরুটা খুব সহজে করলেও শেষ বত্রিশে ভালো চাপে পড়েছিল আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে জিততে বেশ বেগ পেতে হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। দুবার এগিয়ে থেকেও সমতায় পড়তে হয় আলবিসেলেস্তেদের। শেষে ৩-২ গোলে জয় তোলে লিওনেল মেসির দল। অধিনায়ক মেসি পরে বলেছেন, নবাগত দলটি তাদের বেশ দৌড়িয়ে ছেড়েছে।
মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের ২৯ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তে দল। ৫৯ মিনিটে দেরয় দুয়ার্তের গোলে সমতায় ফেরে কেপ ভার্দে। অমীমাংসিত শেষ হয় ৯০ মিনিট, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৩ মিনিটে বিশ্বচ্যাম্পিয়নদের আবারও লিড এনে দেন লিসান্দ্রো মার্টিনেজ। সিডনি লোপেস ক্যাব্রালর গোলে ১০৩ মিনিটে ফের সমতায় ফেরে কেপ ভার্দে। ১১১ মিনিটে মেসির কর্নার থেকে আসা বলে মাথা ছুঁইয়ে আর্জেন্টিনাকে বাঁচান ক্রিস্টিয়ান রোমেরো।
পরে মেসি বলেছেন, ‘আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবে তাদের উপর চাপ সৃষ্টি করতে পারিনি এবং মাঝে মাঝে আমাদের রক্ষণের মধ্যে বড় ফাঁক ছিল। তারা অনেকবার বলের দখল রেখেছিল এবং আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছিল। আমরা প্রয়োজন অনুযায়ী চাপ প্রয়োগ করতে পারিনি।’
জয়ে সেরা ষোলোতে গেছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ মিশর। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টা মুখোমুখি হবে দুদল।



