গোল্ডেন লায়ন পেলেন ডেনিশ নির্মাতা মে এল-তুখি

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন জিতে নিয়েছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির সিনেমা ‘ওম্যান আননোন’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি দখলদারিত্ব থেকে মুক্ত হওয়া ডেনমার্কের সামাজিক বাস্তবতা ও এক নারীর জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করে অভিনেত্রী ম্যাগি জিলেনহালের নেতৃত্বাধীন জুরিবোর্ড।
এবারের মূল প্রতিযোগিতা বিভাগে একমাত্র নারী নির্মাতা হিসেবে এককভাবে সিনেমা পরিচালনা করেছেন মে এল-তুখি। গোল্ডেন লায়ন জয়ের মধ্য দিয়ে তিনি ভেনিসের ইতিহাসে এই পুরস্কার পাওয়া অষ্টম নারী নির্মাতা হলেন।
পুরস্কার গ্রহণের পর মে এল-তুখি বলেন, ‘ওম্যান আননোন’ তাঁর কাছে নারীর শরীরকে কেন্দ্র করে চলা এক ধরনের লড়াইয়ের গল্প। একই সঙ্গে সিনেমাটি এমন নারীদের কথা বলে, যারা সমাজে অদৃশ্য, অবহেলিত এবং যাদের কণ্ঠস্বর প্রায় শোনা যায় না। নারীদের জন্য চলচ্চিত্র নির্মাণে অসম সুযোগের বিষয়টি তুলে ধরার জন্য তিনি বিচারকমণ্ডলীর সভাপতি ম্যাগি জিলেনহালকেও ধন্যবাদ জানান।
সিনেমার গল্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময়ের। এক তরুণী গৃহকর্মী ও পরিচারিকার বিয়ের প্রস্তুতি চলছে তার ধনী মালিকের সঙ্গে। কিন্তু অতীতে এক জার্মান সেনার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই গোপন অতীত প্রকাশ্যে এলে তার সামাজিক মর্যাদা ও নতুন জীবন হুমকির মুখে পড়ে।
সিনেমাটির প্রধান অভিনেত্রী ম্যাথিল্ড আরসেল জিতেছেন ভেনিসের সেরা অভিনেত্রীর পুরস্কার। এটি তার অভিনয়জীবনের প্রথম প্রধান চরিত্র এবং প্রথম কোনো চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ। পুরস্কার হাতে নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
এদিকে দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান নির্মাতা লি চ্যাং-দংয়ের ‘পসিবল লাভ’ পেয়েছে গ্রাঁ প্রি হিসেবে পরিচিত সিলভার লায়ন। শ্রেণি ও শ্রমজীবী মানুষের জীবনকে ঘিরে নির্মিত সিনেমাটি আট বছর পর লি চ্যাং-দংয়ের নতুন কাজ। এর আগে তাঁর আলোচিত সিনেমা ‘বার্নিং’ ব্যাপক প্রশংসা পেয়েছিল।
ইসরায়েলি নির্মাতা ইউভাল আব্রাহাম ও র্যাচেল সোয়ার ‘নাজা’ পেয়েছে বিশেষ জুরি পুরস্কার। গাজা যুদ্ধে ইসরায়েলি সামরিক কৌশল ও ফিলিস্তিনি বেসামরিক মানুষের ওপর হত্যাকাণ্ডের অভিযোগ নিয়ে নির্মিত তথ্যচিত্রটি উৎসবে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সিনেমাটির প্রদর্শনের পর প্রায় ২৫ মিনিট ধরে দর্শকদের দাঁড়িয়ে অভিবাদন জানানোর ঘটনাও ঘটে।
সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন ইলিয়া ক্রজানভস্কি। সোভিয়েত পারমাণবিক বোমা তৈরির সঙ্গে যুক্ত পদার্থবিদদের নিয়ে নির্মিত তাঁর ‘দাউ’ সিনেমার জন্য এই স্বীকৃতি দেওয়া হয়। ইউক্রেন যুদ্ধের প্রতিবাদে রুশ নাগরিকত্ব ত্যাগ করা এই নির্মাতা পুরস্কারটি ইউক্রেনের মানুষের প্রতি উৎসর্গ করেন।
সেরা চিত্রনাট্যের পুরস্কার গেছে ফরাসি নির্মাতা স্তেফান ব্রিজের ‘আ গুড লিটল সোলজার’-এর ঝুলিতে। আর উদীয়মান অভিনেতার জন্য মারচেল্লো মাস্ত্রোইয়ান্নি পুরস্কার পেয়েছেন মালু খেবিজি। ‘আ প্লেস টু হিল’ সিনেমায় অভিনয়ের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।
এবারের প্রতিযোগিতায় থাকা বড় তারকাবহুল হলিউডের বেশ কয়েকটি সিনেমা অবশ্য পুরস্কারের দৌড়ে পিছিয়ে পড়েছে। জন মালকোভিচের হাতে গেছে সেরা অভিনেতার পুরস্কার। ‘ওয়াইল্ড হর্স নাইন’ সিনেমায় অভিনয়ের জন্য এই স্বীকৃতি পান তিনি। হাফপোস্ট
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…