এশিয়ার ক্লাব ফুটবলের সর্বোচ্চ মঞ্চ এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের কোনো ক্লাব। বাংলাদেশ নারী ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস এফসির মাধ্যমে এ যাত্রা শুরু হতে যাচ্ছে। ফলে বাংলাদেশের নারী ক্লাব ফুটবলের দীর্ঘদিনের স্বপ্ন এখন বাস্তবতার দ্বারপ্রান্তে। এশিয়ার সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় নিজেদের সামর্থ্যের ছাপ রেখে স্মরণীয় অভিষেক করতে চায় রাজশাহী স্টারস এফসি।
মালয়েশিয়ার কোটা কিনাবালুর লিকাস স্টেডিয়ামে সোমবার প্রিলিমিনারি গ্রুপের প্রথম ম্যাচে ভারতের ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গল এফসির মুখোমুখি হবে রাজশাহী। ঐতিহাসিক এই ম্যাচকে সামনে রেখে ম্যাচের আগের দিন রোববার লিকাস স্টেডিয়ামে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে বাংলাদেশি দলটি। স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় অনুশীলনে ম্যাচের কৌশল, পাসিং, পজিশনিং ও দলীয় সমন্বয়ের ওপর গুরুত্ব দেয়া হয়।
হেড কোচ গোলাম রব্বানী ছোটন ম্যাচে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভালো ফল পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। অধিনায়ক শিউলি আজিম জানিয়েছেন, প্রতিপক্ষকে সমীহ করলেও মাঠে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দেয়াই দলের প্রধান লক্ষ্য। অন্যদিকে নিজেদের অভিষেক ম্যাচের জন্য প্রস্তুত ইস্ট বেঙ্গলও।
ইস্ট বেঙ্গল অধিনায়ক সিল্কী দেবী সংবাদ সম্মেলনে বলেছেন, রাজশাহী স্টারসে বাংলাদেশের জাতীয় দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার রয়েছেন। ফলে প্রতিপক্ষকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। নিজেদের সেরাটা দিয়ে ম্যাচে জয় পাওয়াই তাদের লক্ষ্য।

