
রিয়াদ, ২৮ ফেব্রুয়ারি – ওমরাহ পালনকারীদের যাত্রা ও ইবাদত আরও সহজ ও নির্বিঘ্ন করতে নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে সৌদি আরব। পুণ্যার্থীদের সহায়তায় দেশটির কর্তৃপক্ষ একটি সমন্বিত ইন্টারঅ্যাকটিভ গাইড বা নির্দেশিকা চালু করেছে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র নগরীতে সেবা প্রাপ্তি সহজতর করা এবং ইবাদতের অভিজ্ঞতা উন্নত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
‘কামিং টু ওমরাহ’ শীর্ষক ক্যাম্পেইনের আওতায় এই ডিজিটাল গাইডটি প্রকাশ করা হয়েছে। এই উদ্যোগে অংশীদার হিসেবে রয়েছে গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীবর বিষয়াবলি দেখভালের দায়িত্বে থাকা সাধারণ কর্তৃপক্ষ এবং মক্কা নগর ও পবিত্র স্থানগুলোর রয়্যাল কমিশন। সৌদি নাগরিক ও প্রবাসীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও ব্যবহারিক তথ্য সরবরাহ করাই এর উদ্দেশ্য, যাতে তারা স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসের সঙ্গে ওমরাহ পালন করতে পারেন। ডিজিটাল গাইডটিতে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে বিদ্যমান বিভিন্ন সেবা ও সুবিধার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
এতে থাকা ইন্টারঅ্যাকটিভ মানচিত্র ও সরাসরি লিংকের মাধ্যমে প্রবেশপথ, গেট এবং গুরুত্বপূর্ণ সহায়তা সেবাগুলো সহজেই খুঁজে পাওয়া যাবে। প্ল্যাটফর্মটিতে মাওয়াকীত ও সেখানে পৌঁছানোর রুট, মক্কা ও মদিনায় যাতায়াতের পরিবহন ব্যবস্থা এবং দুই নগরীর ভেতরে চলাচলের দিকনির্দেশনাসহ পুরো সফরের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার দেওয়া হয়েছে। এছাড়া আল রওদাহ আল শরিফা জিয়ারতের বিস্তারিত নির্দেশনা ও নুসুক অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের নিয়মও এতে অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থানগুলোর তথ্য সংযোজন করা হয়েছে। ভিজ্যুয়াল উপকরণ ও সচেতনতামূলক বার্তাসহ গাইডটি ওমরাহ পালনকারীদের জন্য অত্যন্ত সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬




