এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজা একরকম বন্ধই হয়ে গেছে। দেশে ফিরতে পারেননি বিদায়ী টেস্ট খেলতেও। কদিন আগে ডিপিএলে খেলার জন্য নাম জমা দিলেও পরে বিতর্কের মুখে নাম সরিয়ে নেন। এবার জানা গেল বাংলাদেশের বিপক্ষেই নামতে চলেছেন কিংবদন্তি অলরাউন্ডার।
টি-টুয়েন্টি থেকে ইতিমধ্যে অবসর নেয়ায় সাবেক ক্রিকেটারদের নিয়ে হতে চলা এশিয়ান লিজেন্ডস লিগ টি-টুয়েন্টিতে খেলবেন সাকিব। ১০ মার্চ থেকে শুরু হতে চলা আসরে এশিয়ান স্টার্সের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
এশিয়ান স্টার্সের হয়ে সাকিব ছাড়াও খেলবেন বাংলাদেশের আরেক সাবেক ক্রিকেটার অলক কাপালি। যেখানে সতীর্থ হিসেবে পাবেন ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম, শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া এবং আফগানিস্তানের হামিদ হাসানকে। ভারতে হতে চলা টুর্নামেন্টে বাংলাদেশেরও একটি দল রয়েছে।
সেই বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলরা। খেলবেন নাঈম ইসলাম, জিয়াউর রহমান, শুভাগত হোম, শফিউল ইসলাম এবং মোহাম্মদ নাজিমউদ্দিনও। ফলে বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে খেলতে দেখা যাবে সাকিবকে।
পাঁচ দলের টুর্নামেন্টে সাকিবদের প্রথম ম্যাচ ১০ মার্চ, প্রতিপক্ষ আফগান পাঠানস। সাকিব ও তামিম মুখোমুখি হবেন ১২ মার্চ। অন্য দুটি দল শ্রীলঙ্কান লায়ন্স ও ইন্ডিয়ান রয়্যালস।



