ফ্রান্স ফরোয়ার্ড উসমানে ডেম্বেলে বলছেন, জাতীয় দল সতীর্থ কাইলিয়ান এমবাপের মাত্রাতিরিক্ত সমালোচনা করা হয়েছে। লা লিগায় রিয়াল মাদ্রিদের বাজে ফর্মের জন্য সবরকম সমালোচনার শিকার হচ্ছেন বিশ্বজয়ী ফরোয়ার্ড। যার ফল অনেকদূর গড়িয়েছে।
মাদ্রিদে এমবাপেকে প্রায়ই দলের সমর্থকরা উপহাস করেন। ক্লাব থেকে বিদায় করে দেয়ার আবেদনেও আশ্চর্যজনকভাবে অনেক স্বাক্ষর জমা পড়েছিল। এমবাপে ২০২৪ সালে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন।
স্প্যানিশ গণমাধ্যমে ডেম্বেলে বলেছেন, ‘এমবাপের প্রতি এমন সমালোচনা করা হয়েছে যা খুব, খুব অন্যায্য। কিছু মানুষের সমালোচনা সহ্যের সীমা ছাড়িয়েছে। সে একজন অসাধারণ খেলোয়াড় এবং মাঠের বাইরে দারুণ একজন মানুষ। কিছু মানুষ এমন করেছে কারণ সে কাইলিয়ান এমবাপে। তাদের এমনকিছু করা ঠিক হয়নি।’
‘সে জুতার ফিতা বাঁধুক বা না বাঁধুক, মোজা টেনে পরুক বা না পরুক, এটা বাড়াবাড়ি। সেও তো একজন মানুষ। ফ্রান্স দলের সাথে আমাদের জন্য খুব ভালো, সে একজন নেতা।’
ফ্রান্স কোচ দিদিয়ের দেশামকে নিয়ে ডেম্বেলে বলেছেন, ‘সাধারণভাবে বললে তিনি একজন অসাধারণ কোচ। ফ্রান্সের কোচদের তালিকায় তিনি আজীবন একজন কিংবদন্তি হিসেবে থাকবেন।’
জিদানকে নিয়ে ডেম্বেলে বলেছেন, ‘ফ্রান্স ডাগআউটে একদিন জিদানকে স্বাগতম জানাবো। আমার এখনই বিশ্বাস যে তিনি তার কাজ দুর্দান্তভাবে করবেন।’
১৭ জুন সেনেগাল ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ফ্রান্স। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।



