
ঢাকা, ১৪ জুন – স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর এমপিও দ্রুত বাস্তবায়ন এবং অনুমোদনপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া বেতন ছাড়ের দাবিতে আয়োজিত কর্মসূচিতে পুলিশের সঙ্গে শিক্ষকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
শিক্ষকরা যখন মিছিল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে যাচ্ছিলেন তখন পুলিশি বাধার মুখে পড়েন তারা। শিক্ষক নেতা মো. জসীম উদ্দিনের দাবি অনুযায়ী পুলিশের লাঠিচার্জে অন্তত চার থেকে পাঁচজন শিক্ষক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আন্দোলনরত শিক্ষকরা অভিযোগ করেন যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের গণবিজ্ঞপ্তি অনুযায়ী গত বছরের জুলাই মাসে এমপিও আবেদন করা হলেও গত ১০ মাসে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। শিক্ষা মন্ত্রণালয় ১ হাজার ৬৯০ জন শিক্ষকের বেতন ছাড়ের অনুমোদন দিলেও মাদরাসা শিক্ষা অধিদপ্তর তা কার্যকর করেনি।
ফলে দীর্ঘ সময় ধরে বেতন বঞ্চিত এই শিক্ষকেরা মানবেতর জীবন যাপন করছেন। ১৯৭৮ এবং ১৯৮৪ সালের আইন ও স্বীকৃতি অনুযায়ী পরিচালিত এই মাদরাসাগুলো ১৯৯৪ সাল থেকে ভাতা পেয়ে আসছিল।
২০১৩ সালে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও ইবতেদায়ি মাদরাসাগুলোকে সেই সুবিধার বাইরে রাখা হয় বলে দাবি করেন শিক্ষক নেতারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনের আহ্বায়ক শামসুল হক আনছারী এবং সদস্যসচিব আব্দুল হান্নান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এস এম/ ১৪ জুন ২০২৬




