এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিকতা নয়, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব: ইসি সানাউল্লাহ | চ্যানেল আই অনলাইন

এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিকতা নয়, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব: ইসি সানাউল্লাহ | চ্যানেল আই অনলাইন

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এবারের নির্বাচন কোনো নিয়ম রক্ষার বা আনুষ্ঠানিক নির্বাচন নয়; এটি জনগণের প্রত্যাশা পূরণ এবং জাতীয় ও সামাজিক স্থিতিশীলতা রক্ষার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলার ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’–এর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভিজিল্যান্স ও অবজারভেশন টিম সক্রিয়ভাবে কাজ করবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক নজরদারি আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে মাদকাসক্ত ব্যক্তি ও কিশোর গ্যাংয়ের উপস্থিতি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, একটি সুন্দর, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ লক্ষ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় জানানো হয়, যেকোনো ধরনের অনিয়ম, গুজব ও বিশৃঙ্খলা প্রতিরোধে আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্রের নিরাপত্তা, আচরণবিধি প্রতিপালন এবং দ্রুত অনিয়ম শনাক্ত ও প্রতিরোধের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান, ভোলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছারসহ নির্বাচন কমিশনের প্রতিনিধি, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনকারী সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Scroll to Top