কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) এনসিপির কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সমন্বয়কারী ইবাদত আলী ও কুমারখালী উপজেলার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিনকে এ নোটিশ প্রদান করা হয়।
দলটির কুষ্টিয়া জেলার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি এ তথ্য নিশ্চিত করেছেন।
নোটিশে দুই নেতার বিরুদ্ধে সরকারি বরাদ্দকৃত চালের অর্থ আত্মসাৎ এবং নির্বাচনী সময়ে দলীয় নীতিমালা লঙ্ঘন করে অন্য রাজনৈতিক দলের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ উল্লেখ করা হয়েছে।
এছাড়া অভিযুক্ত নেতাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
জানতে চাইলে কুমারখালী উপজেলার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন বলেন, শোকজ নোটিশ পেয়েছি। আমি আমার ব্যাখ্যা দিয়ে দেব।
এ বিষয়ে জেলার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি বলেন, বিভিন্ন মাধ্যমে আমরা বিষয়গুলো জানতে পেরেছি।
আরও পড়ুনঃ
জনগণ যে দেশ দেখতে চায়, সেই দেশ গড়তে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী
দলের স্বচ্ছতার ভিত্তিতে ওই দুইজনকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগে নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না। আর যদি প্রমাণ করতে না পারে, তাহলে আমরা বিষয়টি কেন্দ্রে জানাব। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।



